রিলায়েন্স ও ডিজনি একীভূতকরণে অনুমোদন
রিলায়েন্স এবং ওয়াল্ট ডিজনির একীভূতকরণের চুক্তিতে অনুমোদন দিয়েছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া। ৭০ হাজার কোটি রূপিতে এই চুক্তি সম্পন্ন হবে বলে জানা গেছে।
বুধবার দেশটিতে দুই প্রতিপক্ষ রিলায়েন্স ও ওয়াল্ট ডিজনি (ইন্ডিয়া)-কে সবুজ সংকেত দিয়েছে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া। এই অনুমোদনের ফলে ভারতের মিডিয়া জগতে বৃহত্তম সাম্রাজ্য তৈরি হলো। ফলে নেটফ্লিক্স, সনি, জি এন্টারটেমেন্টের মতো কোম্পানিগুলো বেশ চাপেই পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার শেয়ার বাজার বন্ধের পরে ভারতের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, 'স্বেচ্ছায় পরিবর্তনের স্বাপেক্ষে' রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড, ডিজিটাল১৮ মিডিয়া লিমিটেড, স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং স্টার টেলিভিশন প্রোডাকশনস লিমিটেডের প্রস্তাবিত চুক্তিতে অনুমোদন দেওয়া হচ্ছে।
তবে 'স্বেচ্ছায় পরিবর্তনের স্বাপেক্ষে'-র বিষয়টি ঠিক কী, তা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়নি।
এ বিষয়ে আপাতত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ডিজনি ইন্ডিয়ার মুখপাত্ররা কোনও মন্তব্য করেননি।
জানা গেছে, চুক্তি অনুযায়ী, রিলায়েন্স এবং ডিজনিকে মিশিয়ে যে যৌথ সংস্থা তৈরি হচ্ছে, সেটার ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে। আর ওয়াল্ট ডিজনির হাতে বাকি ৩৬.৮৪ শতাংশ শেয়ার থাকছে। ওই যৌথ সংস্থার নেতৃত্বে থাকছেন নীতা আম্বানি। আর তাঁর ডেপুটি হবেন ডিজনির প্রাক্তনী উদয় শংকর।
আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়া নিয়ে ডিজনি এবং রিলায়েন্সের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষপর্যন্ত টিভি সম্প্রচার স্বত্ব পেয়েছিল ডিজনি। আর ডিজনিকে হারিয়ে ডিজিটাল স্ট্রিমিংয়ের মালিকানা পান আম্বানিরা। আর এখন যে চুক্তি হয়েছে, তাতে হটস্টার (ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম) আর জিও সিনেমা একই ছাতার তলায় চলে আছে।
ডিবিটেক/বিএমটি







